নিজস্ব প্রতিবেদক| ক্রাইম ক্রনিকল
পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের ফলে নদীটির তিন ভাগের দুই ভাগ ইতিমধ্যে শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, "যে প্রক্রিয়ায় আমাদের সেতুগুলো তৈরি হচ্ছে, এই প্রক্রিয়া হলে বাংলাদেশের নদীর যে প্রবাহ, সেটা বন্ধ হয়ে যাবে।"
বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল আয়োজিত 'দুর্বার কন্যা প্রোগ্রাম মডেল' উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, যমুনা নদীতে আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনা চলছে জেনে তিনি একজন পরিবেশকর্মী হিসেবে আহত বোধ করছেন। তাঁর মতে, এভাবে চলতে থাকলে দেশের নদীগুলো আর বাঁচানো যাবে না।
শিল্পকারখানার অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরেন তিনি এবং জানান, এসব সমস্যা মোকাবিলায় সরকার কাজ শুরু করেছে।
একই সঙ্গে প্লাস্টিক দূষণ রোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, কক্সবাজারে সম্প্রতি কয়েক টন প্লাস্টিক বর্জ্য অপসারণের উদ্যোগ ইতিবাচক বার্তা দিয়েছে।
পরিবেশ প্রতিমন্ত্রী সরকারের ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি এবং ২০ হাজার কিলোমিটার নদী-খাল খননের পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন। তবে নদী রক্ষায় সরকারের ভেতর থেকেই এই উদ্বেগের কণ্ঠস্বর উঠে আসা দেশের পরিবেশ পরিস্থিতির গভীরতাকেই সামনে তুলে ধরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।