ক্রীড়া ডেস্ক | ক্রাইম নিউজ 


আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে খেলতে পারাকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় সৌভাগ্য বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।


মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষে দেওয়া এক প্রতিক্রিয়ায় নেইমার বলেন, “মাঠের বাইরে মেসি আরও ভালো একজন মানুষ। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ আমি তাকে চিনি এবং তার সঙ্গে খেলেছি। সে আমার খুব ভালো বন্ধু। সে জানে আমি তাকে কতটা ভালোবাসি।”


চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার হয়ে খেললেও মাঠের বাইরে নেইমার ও মেসির বন্ধুত্ব বহুদিনের। ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর মেসির সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে লুইস সুয়ারেজকে নিয়ে তারা তৈরি করেন কিংবদন্তি ‘এমএসএন’ আক্রমণত্রয়ী, যা ফুটবল ইতিহাসের অন্যতম সফল ফরোয়ার্ড লাইন হিসেবে বিবেচিত।


২০১৫ সালে এই ত্রয়ীর হাত ধরেই বার্সেলোনা জেতে ঐতিহাসিক ট্রেবল। পরবর্তীতে নেইমার পিএসজিতে যোগ দিলেও দুই তারকার বন্ধুত্ব অটুট থাকে। ২০২১ সালে মেসিও পিএসজিতে যোগ দিলে আবারও একসঙ্গে খেলার সুযোগ পান তারা।


বর্তমানে মেসি খেলছেন ইন্টার মিয়ামিতে, আর নেইমার ফিরেছেন তার শৈশবের ক্লাব সান্তোসে। তবে দূরত্ব তাদের বন্ধুত্বে কোনো প্রভাব ফেলেনি। মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন মন্তব্য সেটিই আবারও প্রমাণ করল।