ভারতে সম্প্রতি আলোচিত অনলাইন আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলনের ডাক দিয়েছে।
ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে সংগঠনটির সূচনা হয়। বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী ও রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ অভিজিৎ দীপকের একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে ‘ককরোচ জনতা পার্টি’ দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। পরে এটি বেকারত্ব, মূল্যস্ফীতি এবং বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে তরুণদের ক্ষোভের প্রতীক হিসেবে পরিচিতি পায়।
সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ও পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগের প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আন্দোলনের ঘোষণা দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, শিক্ষামন্ত্রীর জবাবদিহি নিশ্চিত করতে তিনি ভারতে ফিরছেন এবং দিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভের আয়োজন করবেন। তিনি লেখেন, “সরকারের কাছ থেকে জবাবদিহি চাওয়ার সাংবিধানিক অধিকার আমাদের রয়েছে, এবং সেই অধিকার আমাদের প্রয়োগ করতে হবে।”
দীপকের দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে একটি অনলাইন পিটিশনে প্রায় আট লাখ শিক্ষার্থী স্বাক্ষর করেছেন। তবে এ বিষয়ে বিজেপি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।