স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল


বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে ২-০ গোলের লিড হারিয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে মিশর। তবে ম্যাচ শেষের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে শুধু ফল নয়, রেফারিং নিয়েও মিশর শিবিরের ক্ষোভ।


ম্যাচ শেষে টেলিভিশন সাক্ষাৎকারে আবেগাপ্লুত হয়ে পড়েন মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। কান্নাজড়িত কণ্ঠে তিনি ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।


জিকো বলেন, “রেফারি অন্যায় করেছেন। তিনি একদমই ফেয়ার ছিলেন না। শুরু থেকেই তিনি আমাদের বিপক্ষে ছিলেন। তিনি একজন জালিম। এটি স্পষ্ট ও দিবালোকের মতো পরিষ্কার তিনি অবিচার করেছেন। একটি দেশের পরিশ্রম এক মুহূর্তে নষ্ট করে দিয়েছেন।”


সাক্ষাৎকারে তিনি পবিত্র কোরআনের আয়াত ‘হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল’ পাঠ করেন। পরে আরও অভিযোগ করে বলেন, এই ম্যাচে রেফারির সিদ্ধান্তগুলো তাদের বিপক্ষে গেছে এবং এতে মিশর ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, টুর্নামেন্টটি আর্জেন্টিনার পক্ষে পরিচালিত হচ্ছে বলে তার মনে হয়েছে। তবে এ বিষয়ে আয়োজক সংস্থা বা ম্যাচ কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মিশর। দ্বিতীয়ার্ধে মোস্তফা জিকোর একটি গোল ভিএআর পর্যালোচনার পর বাতিল হয়। ওই সিদ্ধান্ত ঘিরেই সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়। পরে শেষ ১৩ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে তিন গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা এবং কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে। ভিএআরের সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্লেষকদের মধ্যেও ভিন্নমত দেখা গেছে।