স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
দুই গোলে পিছিয়ে পড়েও হার মানেনি আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে মিশরকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ ১৫ মিনিট ও যোগ করা সময়ে তিন গোল করে ম্যাচ নিজেদের করে নেয় লিওনেল স্কালোনির দল।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিশর। প্রথমার্ধেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি। মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর তার শট রুখে দেন।
দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে মোস্তফা জিকোর গোলে ব্যবধান ২-০ করে মিশর। এর আগে ৫৮ মিনিটে জিকোর আরেকটি গোল ভিএআর পর্যালোচনার পর বাতিল হয়। তখন মনে হচ্ছিল, বড় অঘটনের দিকেই এগোচ্ছে ম্যাচ।
তবে শেষ মুহূর্তে বদলে যায় সবকিছু। ৭৯ মিনিটে মেসির নিখুঁত ক্রস থেকে ক্রিস্টিয়ান রোমেরো হেডে ব্যবধান কমান। চার মিনিট পর গঞ্জালো মন্তিয়েলের পাস থেকে প্রথম ছোঁয়াতেই গোল করে ২-২ সমতা ফেরান মেসি।
অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্তিনেজের ক্রসে হেড করে জয়সূচক গোল করেন এনজো ফার্নান্দেজ। সেই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে শেষ আটের টিকিট কেটে নেয় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এই জয়ের ফলে আগামী ১২ জুলাই কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শেষ ষোলোর সেই ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত ২টায় অনুষ্ঠিত হবে।