অপরাধ ডেস্ক | ক্রাইম ক্রনিকল

স্কুল ফিডিং (মিড-ডে মিল) প্রকল্পে অনিয়ম এবং পচা খাবার সরবরাহের অভিযোগে মাদারীপুর সদর উপজেলা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এ এফ এম আহসানুল হাবিব (৫১) ও মো. নুরুজ্জামান (৪৩)।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পে অনিয়মের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে সোমবার মাদারীপুর পৌরসভার চাঁদমারি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসনের সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দিয়েছেন তিনি।

মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য পরিচালিত খাদ্য কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।