স্পোর্টস ডেস্ক। ক্রাইম ক্রনিকল
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল মানেই ইতিহাস, ঐতিহ্য আর সাফল্যের গল্প। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি শুধু শিরোপা জয়ের দিক থেকেই নয়, টুর্নামেন্টের শুরুটাও করে এসেছে দারুণ ধারাবাহিকতায়। তবে ৯২ বছরের সেই অজেয় রেকর্ড এবার হুমকির মুখে ফেলতে পারে মরক্কো।
২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। ম্যাচটির আগে আলোচনায় উঠে এসেছে সেলেসাওদের এক অনন্য রেকর্ড—বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গত ৯২ বছর ধরে তারা হারেনি।
বিশ্বকাপ ইতিহাসের একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত ২৩টি আসরের সবকটিতে অংশ নিয়েছে ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে শিরোপা জিতে বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে তারা।
বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা শুরু হয়েছিল ১৯৩০ সালে। উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে রাজনৈতিক ও সাংগঠনিক জটিলতার কারণে মূলত রিও ডি জেনিরোর খেলোয়াড়দের নিয়ে দল গঠন করতে হয়েছিল। সেই আসরে নিজেদের প্রথম ম্যাচে যুগোস্লাভিয়ার কাছে হেরে যায় ব্রাজিল। বিশ্বকাপের শুরুটা হয়েছিল হতাশা দিয়েই।
তবে এরপর যেন বদলে যায় দৃশ্যপট। কেটে গেছে দীর্ঘ ৯২ বছর, কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আর কোনো হার দেখেনি ব্রাজিল। যদিও প্রতিটি ম্যাচ জিততে পারেনি তারা। ১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র এবং ১৯৭৮ সালে সুইডেনের বিপক্ষে ১-১ গোলের ড্র করে সেলেসাওরা। তবে হার এড়ানোর ধারাবাহিকতা অক্ষুণ্ন থেকেছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের সবচেয়ে প্রিয় প্রতিপক্ষ মেক্সিকো। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে তিনবার জয় পেয়েছে তারা, যা অন্য যেকোনো দেশের বিপক্ষে সর্বোচ্চ। সেই তিন ম্যাচে ব্রাজিল করেছে ১১ গোল, বিপরীতে মেক্সিকো গোল করতে পারেনি একবারও।
তবে এবারের প্রতিপক্ষ মরক্কোকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে উত্তর আফ্রিকার দেশটি। বিশেষ করে বড় দলগুলোর বিপক্ষে তাদের আত্মবিশ্বাসী পারফরম্যান্স ফুটবল বিশ্বে প্রশংসিত হয়েছে।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের সাম্প্রতিক পরিসংখ্যানও মরক্কোর আত্মবিশ্বাস বাড়াতে পারে। ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিল ৩-০ গোলে জয় পেলেও সর্বশেষ ২০২৩ সালের মার্চে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়েছিল মরক্কো।
আরেকটি পরিসংখ্যানও ম্যাচটিকে আকর্ষণীয় করে তুলেছে। বিশ্বকাপে ব্রাজিল সর্বশেষ নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল ১৯৩৪ সালে, স্পেনের বিপক্ষে ৩-১ গোলে। অন্যদিকে মরক্কো এখন পর্যন্ত ছয়টি বিশ্বকাপে অংশ নিলেও কোনো আসরেই উদ্বোধনী ম্যাচে জয় পায়নি। তাদের প্রথম ম্যাচের রেকর্ডে রয়েছে তিনটি ড্র ও তিনটি হার।
তাই একদিকে ৯২ বছরের অজেয় রেকর্ড ধরে রাখার চ্যালেঞ্জ, অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয়ের স্বাদ পাওয়ার স্বপ্ন। সব মিলিয়ে ব্রাজিল ও মরক্কোর লড়াইটি হতে যাচ্ছে ইতিহাস, পরিসংখ্যান ও বর্তমান সামর্থ্যের এক আকর্ষণীয় মঞ্চ।