আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল


ইরানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী শহর পাভেহতে আইআরজিসির দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির সরকারি সংবাদমাধ্যমের দাবি, হামলাকারীরা ওই সদস্যদের বাসভবনে ঢুকে গুলি চালায়। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।


মঙ্গলবার (৩০ জুন) ইরানি সংবাদমাধ্যমগুলো জানায়, পাভেহ শহরটি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সীমান্তের কাছে অবস্থিত। হামলার পর ঘটনাটিকে ‘সন্ত্রাসী ও কাপুরুষোচিত হামলা’ হিসেবে উল্লেখ করেছে ইরানি কর্তৃপক্ষ।


তবে তাৎক্ষণিকভাবে হামলাকারী বা কোনো গোষ্ঠীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।


ইরান এর আগেও সীমান্তবর্তী এসব এলাকায় সংঘটিত বিভিন্ন সহিংসতার ঘটনায় কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর দিকে অভিযোগের আঙুল তুলেছে। দেশটির দাবি, এসব গোষ্ঠীকে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল সহায়তা দিয়ে থাকে।


ইরান ও ইরাক সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী কুর্দিদের একটি অংশ দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসন বা স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্দোলন করে আসছে। তবে ইরান এসব গোষ্ঠীকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে বিবেচনা করে।


এদিকে, আইআরজিসি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম সেপাহ নিউজ জানিয়েছে, উত্তর-পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করা সরকারবিরোধী ও বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তবে ওই দাবির বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।