জাতীয় ডেস্ক | ক্রাইম ক্রনিকল


চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুশীলনের অংশ হিসেবে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক এ দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্যের মৃত্যু হয় এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।


আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।


দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলে জানিয়েছে আইএসপিআর।