অপরাধ ডেস্ক | ক্রাইম ক্রনিকল
রাজধানীতে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিকিৎসকের পরামর্শ নিতে শনিবার ভোরে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। গাবতলী থেকে রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি।
পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান ওই শিক্ষিকা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিকে শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, মোটরসাইকেল ও ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশা করছে পুলিশ।