পরিবেশ ডেস্ক | ক্রাইম ক্রনিকল


বরগুনার তালতলী উপজেলায় আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৪০ ফুট লম্বা একটি মৃত তিমি। পরে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা সেটি উদ্ধার করেন।


বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাটসংলগ্ন নদীতীর থেকে তিমিটির মরদেহ উদ্ধার করা হয়।


স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় বঙ্গোপসাগর থেকে জোয়ারের স্রোতে মৃত তিমিটি আন্ধারমানিক নদীতে ঢুকে তীরে আটকে যায়। বুধবার সকালে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা প্রথমে এটি দেখতে পান।


খবর ছড়িয়ে পড়ার পর বিশাল আকৃতির তিমিটি দেখতে নদীতীরে স্থানীয়দের ভিড় জমে। পরে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধারের উদ্যোগ নেন।


তালতলী রেঞ্জ কর্মকর্তা জিয়াউর রহমান জানান, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে তিমিটির দেহ পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষণ রোধে সেটিকে নদীর পাড়ে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।


বন বিভাগের প্রাথমিক হিসাবে, তিমিটির দৈর্ঘ্য প্রায় ৪০ ফুট, প্রস্থ ১৫ ফুট এবং ওজন আনুমানিক ৫ থেকে ৬ টন হতে পারে।


তালতলীর ইউএনও অতীশ সরকার বলেন, মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এর কালো রঙ ও বিশাল আকৃতি দেখা গেলেও কোন প্রজাতির তিমি, তা এখনো নিশ্চিত করা যায়নি।


বন বিভাগ জানিয়েছে, মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার মাধ্যমে প্রজাতি শনাক্তের চেষ্টা করা হবে। একই সঙ্গে তিমিটির মৃত্যুর কারণও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানার চেষ্টা চলছে।


বন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, নমুনা পরীক্ষা ছাড়া তিমিটির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।