স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল 


মাদারীপুরের শিবচর উপজেলায় চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র হত্যার মামলার আসামিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


গত শনিবার বিকালে উপজেলার কুতুবপুর বাজারে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজাহার হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামাদ মাতবর সামুসহ স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী। পুলিশের পক্ষ থেকে শিবচর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান, পরিদর্শক রিয়াজুর ইসলাম ও ফরহাদ লস্কর সভায় অংশ নেন।


এই মতবিনিময় সভার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়।


কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাকাউল বিল্লাহ বকুল জমাদ্দার অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির রাজনীতি করার কারণে তাকে এলাকায় নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছিল, অথচ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সদস্যদের নিয়ে পুলিশ প্রশাসন মতবিনিময় সভা করছে—এই বিষয়ে তাদের আগে থেকে কিছু জানানো হয়নি। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।


কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি আজিজুল মোড়ল বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে বলে মনে হলেও বাস্তবে তা হয়নি বলে তিনি মনে করছেন। জুলাই হত্যা মামলার আসামিরা যেখানে কারাগারে থাকার কথা, সেখানে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসছেন বলে অভিযোগ করেন তিনি।


বিষয়টি নিয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ছাত্র হত্যা মামলার আসামিদের উপস্থিতির বিষয়টি অত্যন্ত লজ্জাজনক বলে তিনি মনে করেন। তিনি জানান, সভায় অংশ নেওয়া দুই পুলিশ কর্মকর্তাই সম্প্রতি থানায় যোগ দিয়েছেন—তদন্ত ওসি রাকিবুল হাসান নতুন যোগদান করেছেন এবং কুতুবপুরের বিট অফিসার রিয়াজুর রহমানও অল্প কিছুদিন হলো দায়িত্ব পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।