খেলাধুলা ডেস্ক | ক্রাইম ক্রনিকল


বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি পর্বে অপ্রত্যাশিত হারের মুখ দেখেছে ফ্রান্স। বৃহস্পতিবার অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পিছিয়ে থেকেও আইভরি কোস্ট ২-১ গোলে পরাজিত করেছে দিদিয়ের দেশাম্পের দলকে।


ছবি: ফক্স সকার


ম্যাচের প্রথমার্ধে তুলনামূলক ভালো খেলেছিল ফ্রান্স। আক্রমণে ধারাবাহিক চাপ সৃষ্টি করে তারা এগিয়েও যায়। বিরতির ঠিক আগে তরুণ মিডফিল্ডার রায়ান শেরকির দুর্দান্ত এক গোলে লিড নেয় স্বাগতিকরা।


তবে দ্বিতীয়ার্ধে খেলার চিত্র বদলে যায়। বেশ কয়েকজন বদলি খেলোয়াড় নামানোর পর ফ্রান্স নিজেদের ছন্দ ধরে রাখতে ব্যর্থ হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে আইভরি কোস্ট ম্যাচে সমতা ফেরায়। ৫৩তম মিনিটে নিকোলাস পেপের পাস থেকে গোল করেন গুয়েলা দুয়ে।


সমতায় ফেরার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে আফ্রিকার দলটি। পরে দুয়েরের তৈরি করা সুযোগ থেকে আমাদ দিয়ালো গোল করে আইভরি কোস্টকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে জয় নিশ্চিত করে তারা।


এই হারের মধ্য দিয়ে ফ্রান্সের টানা নয় ম্যাচের অপরাজিত থাকার ধারারও অবসান ঘটল। বিশ্বকাপের আগে আগামী সোমবার উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে দেশাম্পের শিষ্যরা।


ফ্রান্সের পরাজয়ের দিনে উজ্জ্বল ছিলেন রায়ান শেরকি। ম্যানচেস্টার সিটির এই ফুটবলার গোল করার পাশাপাশি আক্রমণভাগে সক্রিয় উপস্থিতি দেখিয়ে বিশ্বকাপের মূল দলে জায়গা পাওয়ার দাবিকে আরও জোরালো করেছেন।


অন্যদিকে, বিশ্বকাপ শুরুর আগে গুরুত্বপূর্ণ এই জয় আইভরি কোস্টের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী ১৫ জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফ্রিকার প্রতিনিধিরা।