স্পোর্টস ডেস্ক। ক্রাইম ক্রনিকল
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এই পরাজয়ের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার।
সোমবার (৬ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় নেইমার বলেন, “আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল, আজ এখানেই শেষ করলাম। সবকিছু এখানেই শেষ।”
ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেইমারের অবসরের বিষয়টি নিশ্চিত করে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “ব্রেকিং: নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে গেছেন।”
২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হওয়া নেইমার জাতীয় দলের হয়ে দীর্ঘ দেড় দশকের ক্যারিয়ারে ১৩০ ম্যাচে ৮০ গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করলেন। চারটি বিশ্বকাপে অংশ নিলেও বিশ্বকাপ শিরোপার স্বাদ পাননি তিনি।
তবে আন্তর্জাতিক ফুটবলে তাঁর অর্জনের ঝুলিতে রয়েছে ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ শিরোপা। এছাড়া অলিম্পিকে ২০১২ সালে রৌপ্য এবং ২০১৬ সালে ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক স্বর্ণপদক জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
চলমান বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে শুরুর একাদশে নিয়মিত ছিলেন না নেইমার। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার পর নরওয়ের বিপক্ষেও বদলি হিসেবে খেলেন। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও ব্রাজিলের বিদায় ঠেকাতে পারেননি।
২০২৩ সালে গুরুতর চোটে পড়ার পর থেকেই ধারাবাহিকভাবে ইনজুরির সঙ্গে লড়াই করেছেন নেইমার। পরে সৌদি আরবের ক্লাব আল হিলাল ছাড়িয়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে সান্তোসের হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার দিনই শেষ হলো দেশটির অন্যতম সেরা ফুটবলারের আন্তর্জাতিক অধ্যায়। অশ্রুসিক্ত বিদায়ে শেষ হলেও নেইমারের নাম ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।