জাতীয় ডেস্ক | ক্রাইম ক্রনিকল


দেশজুড়ে আজ বুধবার পালিত হচ্ছে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস'। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেড় দশকের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, সেই ঘটনার আজ দুই বছর পূর্ণ হলো।


রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার পর দ্বিতীয়বারের মতো দিনটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সারা দেশে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


দিনের প্রধান আয়োজন হিসেবে আজ সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে 'জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর' উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।


উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার জাইমা রহমান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।


অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও জনগণের অংশগ্রহণ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণা করে বক্তব্য দেন।


সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, উদ্বোধনের দিনটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের জন্য সংরক্ষিত থাকবে।


আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। দর্শনার্থীরা অনলাইনে আবেদন করে প্রবেশের সুযোগ পাবেন।


সংবাদ সম্মেলনে সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, জাদুঘর নির্মাণ বা ব্যবস্থাপনা নিয়ে কোনো সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ এলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।


মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, বেলা ১১টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।