জাতীয় ডেস্ক | ক্রাইম ক্রনিকল
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া বাণীতে ৫ আগস্টকে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থান দেড় দশকেরও বেশি সময় ধরে চলা শাসনব্যবস্থার অবসান ঘটিয়েছিল। দিনটিকে তিনি ছাত্র-জনতার বিজয় হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশ নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। বাণীতে তিনি জুলাই শহীদ ও আহতদের স্মরণ করেন এবং জাতীয় ঐক্য অক্ষুণ্ন রাখার ওপর জোর দেন।
তাঁর মতে, অর্জিত পরিবর্তন ধরে রাখতে হলে সবার মধ্যে ঐক্য বজায় থাকা জরুরি।
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে দেশে যেন আর কোনো ধরনের স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতিও পৃথক বাণী দিয়েছেন। দুই বাণীতেই গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দিবসটি উপলক্ষে সংবাদপত্রে বিশেষ নিবন্ধ, সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের জুনে সরকার ৫ আগস্টকে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' এবং ৮ আগস্টকে 'নতুন বাংলাদেশ দিবস' হিসেবে ঘোষণা করে।