আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি নতুন পরমাণু চুক্তি হওয়ার সম্ভাবনা এখন খুবই কাছাকাছি। তিনি আশা প্রকাশ করেন, আলোচনা সফল হলে তা ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সহায়ক হবে।


এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সম্ভাব্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে ধ্বংস করতে পারে। তবে আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ বিবেচনা করতে পারে বলেও তিনি সতর্ক করেন।


মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের বিষয়ে ট্রাম্প বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে তারা আপাতত অবস্থান অব্যাহত রাখবে।


তিনি আরও জানান, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ইরানের জব্দ করা অর্থ তাৎক্ষণিকভাবে ছাড় করা হবে না। চুক্তির শর্ত বাস্তবায়নে তেহরানের অঙ্গীকার ও কার্যক্রম পর্যালোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


বর্তমানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতই ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অমীমাংসিত বিষয় হিসেবে রয়েছে। দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে উভয় পক্ষ কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে।