স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল


বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থ ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।


শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন দূতাবাস আয়োজিত যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকটে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতা দুই দেশের গভীর অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক পরিসরে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সহযোগিতা আরও জোরদার হবে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।


বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায়ও কার্যকর ভূমিকা রাখবে।