নিজস্ব প্রতিবেদক, চাপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ বলেছেন, জেলা বিএনপিতে বর্তমানে যারা আছেন তারা সবাই গুপ্ত জামায়াত। তিনি আরও অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কেউ বিএনপির পক্ষে ভোট দেননি। শনিবার (৩০ মে) শহীদ সাটুহল মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
হারুনুর রশিদ বলেন, তিনি বিএনপি চেয়ারপারসনকে অনুরোধ করবেন যাতে দলীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তার দাবি, জেলা ও থানা পর্যায়ের কিছু নেতাকর্মী শিবগঞ্জে রাস্তা অবরোধ ও মশাল মিছিল করেছে। নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে রেল অবরোধ ও মশাল মিছিলও করা হয়েছিল। তিনি চ্যালেঞ্জ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বে যারা ছিল, একজনও বিএনপির পক্ষে ভোট করেনি।
বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকতকে ইঙ্গিত করে তিনি বলেন, রাজশাহী থেকে এসে তিনি প্রধান অতিথি হয়ে মঞ্চে বসে বক্তৃতা দিচ্ছেন, অথচ ছাত্রদলের কাউকে তাদের মঞ্চে দেখা যায়নি। এ সময় উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শোনা যায়।
হারুনুর রশিদের এসব বক্তব্যকে ঘিরে জেলা বিএনপিতে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ শুরু হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, জেলা বিএনপির কমিটি তারেক রহমানের নির্দেশনায় গঠিত। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে তারা মাঠে ছিলেন, কিন্তু হারুনুর রশিদ আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে ভোট করেছেন। ৫ আগস্টের পর তিনি হঠাৎ আবির্ভূত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন কিন্তু জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, হারুনুর রশিদ অনেক আগেই বলেছিলেন জেলা কমিটি বলে কিছু নেই, এখন সেই জেলা কমিটি নিয়েই নির্লজ্জভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তিনি অভিযোগ করেন, ২০১৮ সালে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে তিনি সংসদে গেছেন।