নিজস্ব প্রতিবেদক: ক্রাইম ক্রনিকল
চীনের দালিয়ান থেকে বেইজিং পৌঁছার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন।
সংবর্ধনা শেষে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।
এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাই-স্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর বিভিন্ন উপদেষ্টা ও সরকারি কর্মকর্তারা।
বেইজিং সফরের আগে প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ বার্ষিক সভায় অংশ নেন। মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে তিনি গত সোমবার চীনে পৌঁছান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ও চীন সফর তার প্রথম সরকারি বিদেশ সফর হিসেবে বিবেচিত হচ্ছে।