নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল
জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত এবং অবকাঠামোগত বৈষম্য দূর করার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলাপাড়া উপজেলার সিক্সলেন এলাকা থেকে কুয়াকাটা সমুদ্রসৈকত পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তারা অভিযোগ করেন, জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি। ফলে সম্ভাবনাময় এ অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছে।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন শিকদার বলেন, বৃহত্তর বরিশাল অঞ্চলে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সরকার কার্যকর উদ্যোগ নেয়নি। তিনি ভাঙা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক নির্মাণসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
আইনজীবী নাসীর উদ্দিন বলেন, বৈষম্যহীন উন্নয়নের প্রত্যাশা থাকলেও জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে। বিশেষ করে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ জরুরি প্রকল্পগুলোতে বরাদ্দ না থাকায় স্থানীয় জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
মানববন্ধন থেকে উত্থাপিত ৯ দফা দাবির মধ্যে রয়েছে—ভাঙা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক নির্মাণ, কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা, শেরেবাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, কুয়াকাটায় প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণ, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত রেলপথ স্থাপন, নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, বরিশাল-ভোলা সেতু নির্মাণ এবং ভোলার গ্যাসভিত্তিক শিল্পায়নের উদ্যোগ গ্রহণ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দক্ষিণাঞ্চলের উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।