নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল


রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে করসহ আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।


সোমবার (২২ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য উপস্থাপন করা হয়।


তথ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন খাত থেকে এসেছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।


সংসদে উপস্থাপিত তথ্যে দেখা যায়, বিটিভির আয় ও ব্যয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই বড় ধরনের ব্যবধান রয়েছে। ২০২০–২১ অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, বিপরীতে ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা।


২০২১–২২ অর্থবছরে আয় দাঁড়ায় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, আর ব্যয় হয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২–২৩ অর্থবছরে আয় কমে ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকায় নেমে আসে, তবে ব্যয় বেড়ে দাঁড়ায় ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা।


পরবর্তী ২০২৩–২৪ অর্থবছরে বিটিভির আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা এবং ব্যয় ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। আর ২০২৪–২৫ অর্থবছরে আয় হয় ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, বিপরীতে ব্যয় ছিল ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।


সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরেও বিটিভির আয়-ব্যয়ের ব্যবধান উল্লেখযোগ্যভাবে রয়ে গেছে। রাষ্ট্রায়ত্ত এই সম্প্রচারমাধ্যমের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং রাজস্ব আয় বাড়ানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।