ক্যাম্পাস প্রতিনিধি | ঢাকা বিশ্ববিদ্যালয় 


জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সংগঠনটির প্রথম জাতীয় কাউন্সিলে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।


কুমিল্লার বরুড়া উপজেলার সন্তান আবু বাকের মজুমদার বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। তিনি ২০১৯–২০ শিক্ষাবর্ষে বিভাগটিতে ভর্তি হন এবং বর্তমানে একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন ঢাকার বিসিআইসি কলেজ থেকে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী হন।



জুলাই অভ্যূত্থানে আবু বাকের মজুমদার


ছাত্ররাজনীতিতে আবু বাকেরের সক্রিয়তা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পান।


২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে আবু বাকের ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আন্দোলনের শুরু থেকে তিনি সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তার নিজের ভাষ্য অনুযায়ী, আন্দোলনের সময় ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের যুক্ত করার দায়িত্বেও তিনি কাজ করেন।


পরবর্তী সময়ে বাগছাসের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে তিনি সংগঠনটির কার্যক্রমে নেতৃত্ব দেন। ২০২৫ সালের আগস্টে ডাকসু নির্বাচনে বাগছাস-সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে জিএস পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন।


পরে বাগছাসের পুনর্গঠনের মধ্য দিয়ে সংগঠনটির নতুন নাম দেওয়া হয় জাতীয় ছাত্রশক্তি। ওই পর্যায়ে আবু বাকের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এবার প্রথম জাতীয় কাউন্সিলে সভাপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সংগঠনটির শীর্ষ নেতৃত্বে এলেন তিনি।


কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তাহমীদ আল মুদাসসীর চৌধুরী। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. হাসিব আল ইসলাম ও ফেরদৌস আইয়াম।


নতুন দায়িত্বের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, বাগছাসের কেন্দ্রীয় আহ্বায়ক এবং জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের পর সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন আবু বাকের মজুমদার।