জাতীয় ডেস্ক | ক্রাইম ক্রনিকল

ভারত থেকে সম্ভাব্য পুশইন প্রতিরোধে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন শুরু করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ লক্ষ্যে সীমান্তবর্তী ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্য-সদস্যাদের মোতায়েন করা হয়েছে। সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।


বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বিজিবির সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করা হয়। এর ফলে সীমান্ত এলাকায় নিরাপত্তা কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মো. আশিকউজ্জামান বলেন, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে সমঝোতা স্মারক অনুযায়ী আনসার-ভিডিপি সদস্যরা দীর্ঘদিন ধরে বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে পুশইন প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর এবং খাগড়াছড়ি জেলায় উপজেলা ও থানা পর্যায়ের আনসার, ভিডিপি ও টিডিপি সদস্য-সদস্যাদের ইতোমধ্যে মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের জন্য আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানান তিনি।

আশিকউজ্জামান বলেন, সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।