স্পোর্টস ডেস্ক। ক্রাইম ক্রনিকল
বিশ্বকাপের আগে ভাইরাল ব্রাজিল তারকার নামের বানান
বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের জার্সিতে আদৌ মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। চোটের কারণে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার Neymarকে ঘিরে আলোচনা চলছিল আগেই। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং জার্সিতে লেখা তার নামের বানান নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।
ব্রাজিলের অফিসিয়াল কিট স্পন্সর নাইকির তৈরি করা নেইমারের একটি জার্সি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ, জার্সিটির পেছনে লেখা রয়েছে "Neymar Jr."—যেখানে "Jr"–এর পর একটি ফুলস্টপ বা ডট (.) ব্যবহার করা হয়েছে।
ঘটনাটি প্রথম নজরে আনেন এক ব্রাজিলিয়ান ফুটবল সমর্থক। তিনি নাইকির অফিসিয়াল ওয়েবসাইটে নেইমারের ১০ নম্বর জার্সি কাস্টমাইজ করার সময় বিষয়টি খেয়াল করেন। পরে সেটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ব্রাজিলিয়ান সাংবাদিক জোয়াও ভিটোর দো সান্তোসও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন।

মূল বিতর্কের কেন্দ্রবিন্দু সেই ছোট্ট ডট চিহ্ন। কারণ, দীর্ঘ ক্যারিয়ারে ক্লাব কিংবা জাতীয় দলের কোনো জার্সিতেই নেইমারকে "Neymar Jr." নয়, বরং "Neymar Jr" নামেই দেখা গেছে। এমনকি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও আন্তর্জাতিক ফুটবল সংস্থার বিভিন্ন প্রচারণামূলক সামগ্রীতেও ডট ছাড়া নামটিই ব্যবহার করা হয়ে থাকে।
এ কারণে অনেক সমর্থক মনে করছেন, নেইমারের পরিচিত ব্র্যান্ডিং ও জার্সির ঐতিহ্যের সঙ্গে এটি সাংঘর্ষিক। তাদের ভাষ্য, একজন বিশ্বতারকা ফুটবলারের অফিসিয়াল জার্সিতে এমন অসামঞ্জস্যতা অনাকাঙ্ক্ষিত এবং এটি স্পন্সর প্রতিষ্ঠানের ভুল।
তবে বিতর্কের বিপরীত দিকও রয়েছে। অনেকের মতে, এখানে কোনো ভুল হয়নি। ইংরেজি ব্যাকরণ অনুযায়ী "Junior" শব্দের সংক্ষিপ্ত রূপ "Jr." লিখলে তার শেষে ফুলস্টপ ব্যবহার করাই শুদ্ধ রীতি। সে হিসেবে নাইকি কেবল ভাষাগত নিয়ম অনুসরণ করেছে।
বিশ্বকাপের উত্তেজনার মাঝেই একটি ডট চিহ্নকে কেন্দ্র করে এমন আলোচনা ফুটবলপ্রেমীদের কাছে বেশ বিস্ময়কর মনে হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি এখন অন্যতম আলোচিত প্রসঙ্গ। চোটের কারণে মাঠে নামা নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি নামের বানান নিয়েও তাই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নেইমার।