স্টাফ রিপোর্টার। ক্রাইম ক্রনিকল
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের চার ছাত্রীর একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাইভেটে পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার ( ৩০ জুন) সকাল প্রায় ১০টার দিকে চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় স্বজনরা থানায় সাধারণ ডায়েরি করেন।
একই বিদ্যালয়ের চার শিক্ষার্থী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারগুলোর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, সাধারণ ডায়েরির ভিত্তিতে নিখোঁজ চার ছাত্রীর সন্ধানে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাদের অবস্থান শনাক্তে কাজ চলছে।
এদিকে নিখোঁজ এক কিশোরীর স্বজনের মাধ্যমে জানা যায়, আজ বুধবার সকালে এক কিশোরী তার বাবার মুঠোফোনে কল দেয়। সে সময় কিশোরী জানায়, তারা যেখানে আছে, ভালো আছে। তবে কোথায় আছে, তা না জানিয়েই ফোন কেটে দেয়। এর পর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তবে কী কারণে তারা বাড়ি ছেড়েছে বা কার সঙ্গে গেছে, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি