স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
হাম-রুবেলা টিকার সংকট এবং এর ফলে শিশুদের জীবনহানির অভিযোগ তুলে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন বলে আদালত সূত্র জানিয়েছে।
মামলার আবেদনে আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন– স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
আবেদনে অভিযোগ করা হয়, দায়িত্ব পালনে অবহেলা এবং সময়মতো হাম-রুবেলা টিকা আমদানি না করার কারণে দেশে টিকা সংকট সৃষ্টি হয়, যা শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়। অভিযোগকারী পক্ষের দাবি, এ কারণে বিপুলসংখ্যক শিশু টিকাদান কর্মসূচির বাইরে থেকে যায় এবং হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়।
মামলার আবেদনে বলা হয়েছে, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলাসহ বিভিন্ন টিকা সংগ্রহ করা হলেও পরবর্তী সময়ে সেই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়ায় সরবরাহে বিলম্ব ঘটে এবং সংকট তৈরি হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, টিকা সংকটের সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল। তবে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় বহু শিশু নির্ধারিত সময়ে টিকা পায়নি বলে অভিযোগ করা হয়।
আবেদনে দাবি করা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৭৫ হাজার ৭০৮ শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
তবে মামলায় উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।