জাতীয় ডেস্ক | ক্রাইম ক্রনিকল
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী রোববার তিন দিনের সফরে রাশিয়ার রাজধানী মস্কো যাচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সফরের দ্বিতীয় দিনে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি রুশ সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ-রাশিয়া সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), জাতিসংঘ সংস্কার এবং বহুপক্ষীয় কূটনীতিতে দুই দেশের সহযোগিতার বিষয়ও আলোচনায় আসবে বলে জানা গেছে। সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী থাকবেন।
উল্লেখ্য, সাত বছর পর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম মস্কো সফর। এর আগে ২০১৯ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রাশিয়া সফর করেছিলেন। পরে ২০২৩ সালে ঢাকা সফরে এসেছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাকে দক্ষ, ভারসাম্যপূর্ণ ও বাস্তববাদী কূটনীতিক হিসেবে আখ্যায়িত করে। একই সঙ্গে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর স্বার্থ রক্ষা, এসডিজি অর্জনের গতি বাড়ানো এবং জাতিসংঘের কার্যকারিতা জোরদারে তার নেতৃত্বের প্রতি সমর্থন জানায় মস্কো।