বিনোদন ডেস্ক | ক্রাইম ক্রনিকল
হলিউডের জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি করেছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ।
‘ব্রেকিং ব্যাড’ সিরিজে গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া ৬৮ বছর বয়সী এই অভিনেতা বর্তমানে সৌদি আরবে ‘সেভেন ডগস’ নামের একটি অ্যাকশন চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিচ্ছেন। এ সময় তিনি ইসলাম গ্রহণ করেন বলে জানিয়েছে সৌদি গণমাধ্যম সৌদি গেজেট।
তুর্কি আল-শেখ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় জানান, জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্মের মূল বিশ্বাসের ঘোষণা ‘শাহাদাহ’ পাঠ করেছেন। পরে একটি মসজিদে চলচ্চিত্রের প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজেও অংশ নেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি মসজিদের ভেতরে অন্যান্য মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করছেন এসপোসিতো। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
তুর্কি আল-শেখের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবে অবস্থানকালে স্থানীয় মুসলমানদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা এবং তাদের আন্তরিক আচরণ অভিনেতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে। এসব অভিজ্ঞতার পরই তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন বলে দাবি করা হয়েছে।
তিনি আরও বলেন, সৌদিতে শুটিং চলাকালে পাওয়া আতিথেয়তা ও স্থানীয় মানুষের সহযোগিতার জন্য এসপোসিতো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চলচ্চিত্র ও টেলিভিশন জগতে কয়েক দশকের ক্যারিয়ারে জিয়ানকার্লো এসপোসিতো অসংখ্য দর্শকপ্রিয় প্রযোজনায় অভিনয় করেছেন। ‘ব্রেকিং ব্যাড’, ‘বেটার কল সাউল’ এবং ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এ তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। বিশেষ করে ‘গাস ফ্রিং’ চরিত্রটি তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় এবং একাধিক পুরস্কারের মনোনয়ন অর্জনে সহায়তা করে।
এদিকে ‘সেভেন ডগস’ সৌদি আরবে নির্মিত বড় বাজেটের চলচ্চিত্র প্রকল্পগুলোর একটি। দেশটি সাম্প্রতিক বছরগুলোতে বিনোদন ও চলচ্চিত্র শিল্পের সম্প্রসারণে জোর দিচ্ছে এবং আন্তর্জাতিক নির্মাতা ও তারকাদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।