বিনোদন ডেস্ক | ক্রাইম ক্রনিকল 


ইংল্যান্ডের কিংবদন্তি লোকনায়ক রবিন হুডের গল্পের সঙ্গে জড়িয়ে থাকা বিশ্বের অন্যতম প্রাচীন ওক গাছ ‘মেজর ওক’ মারা গেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাস, সংস্কৃতি ও লোককাহিনীর অংশ হয়ে থাকা গাছটিতে এবার আর নতুন পাতা গজায়নি।


ইংল্যান্ডের শেরউড অরণ্যের কেন্দ্রস্থলে অবস্থিত এই গাছটির বয়স প্রায় ৮০০ থেকে ১,২০০ বছরের মধ্যে বলে ধারণা করা হয়। বনাঞ্চলটির ব্যবস্থাপনায় থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বসন্তে গাছে কোনো নতুন পাতা না আসায় এটিকে মৃত ঘোষণা করা হয়েছে।


বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে গাছটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। জলবায়ু পরিবর্তনের প্রভাব, তীব্র তাপপ্রবাহ, খরা এবং বিপুলসংখ্যক পর্যটকের পদচারণায় গাছটির চারপাশের মাটির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় এর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়।


প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংগঠনগুলো বলছে, অতিরিক্ত পর্যটনও গাছটির মৃত্যুর অন্যতম কারণ। সংরক্ষণবিদদের মতে, এটি প্রাচীন বৃক্ষ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে নতুন করে সতর্কবার্তা দিচ্ছে।


লোককাহিনি অনুযায়ী, রবিন হুড ও তার সঙ্গীরা একসময় এই বিশাল ফাঁপা গাছের কাণ্ডে আশ্রয় নিতেন। ফলে ‘মেজর ওক’ শুধু একটি বৃক্ষ নয়, বরং ব্রিটিশ ইতিহাস, সংস্কৃতি ও লোককথার এক জীবন্ত প্রতীক হিসেবে পরিচিত ছিল।


যদিও গাছটি আর জীবিত নেই, তবুও এর উত্তরাধিকার টিকে থাকবে। মেজর ওকের বীজ ও ডাল থেকে উৎপাদিত চারা বিশ্বের বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে। ফলে ইতিহাসখ্যাত এই বৃক্ষের স্মৃতি ও ঐতিহ্য আগামী প্রজন্মের কাছেও বেঁচে থাকবে।