চট্টগ্রাম প্রতিনিধি| ক্রাইম ক্রনিকল
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) অগ্নিকাণ্ডের ঘটনায় কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার (২২ জুন) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, টার্মিনালের ৪ নম্বর বার্থের ‘৪০১৪’ নম্বর রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনের ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই ওই এলাকায় কন্টেইনার স্থানান্তর ও খালাস কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
খবর পেয়ে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার ও নির্বাপণ অভিযানে অংশ নেয়। যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ছড়িয়ে পড়ার সময় কিছু কন্টেইনারে আগুন লাগতে দেখা যায়, তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের বিস্তার রোধ করা সম্ভব হয়।
চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের পরপরই জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।