স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
চলতি বছরের জুন মাসের প্রথম ১৩ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স সংগ্রহ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সব ব্যাংককে ছাড়িয়ে ব্যাংকটির মাধ্যমে এ সময়ে এসেছে ২৩৩ দশমিক ৫১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী আয় আহরণে ধারাবাহিকভাবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি। জুনের প্রথম সপ্তাহে কৃষি ব্যাংক সংগ্রহ করে ১২৭ দশমিক ৪৪ মিলিয়ন ডলার। পরের সপ্তাহে আসে আরও ১০৬ দশমিক শূন্য ৬ মিলিয়ন ডলার। দুই সপ্তাহ মিলিয়ে মোট সংগ্রহ দাঁড়ায় ২৩৩ দশমিক ৫১ মিলিয়ন ডলার।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। একই সময়ে ব্যাংকটির মাধ্যমে এসেছে ২১৩ দশমিক ২০ মিলিয়ন ডলার রেমিট্যান্স।
এ ছাড়া জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৭ দশমিক শূন্য ৬ মিলিয়ন ডলার, রূপালী ব্যাংক ২৬ দশমিক ৫৫ মিলিয়ন ডলার এবং সোনালী ব্যাংক ২২ দশমিক ৯১ মিলিয়ন ডলার।
বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। জুনের প্রথম ১৩ দিনে ব্যাংকটি সংগ্রহ করেছে ২০২ দশমিক ৫০ মিলিয়ন ডলার।
এর পরের অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক, যার মাধ্যমে এসেছে ১৩৬ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। ট্রাস্ট ব্যাংকের রেমিট্যান্স আহরণ দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৯২ মিলিয়ন ডলার।
অর্থনীতিবিদরা বলছেন, বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে সরকারি প্রণোদনা এবং ব্যাংকগুলোর সেবা সম্প্রসারণ রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ভূমিকা রাখছে।