কুমিল্লা প্রতিনিধি | ক্রাইম ক্রনিকল
কুমিল্লায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে ডিবি। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাডো গাড়ি জব্দ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলা ডিবির একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মাদকের একটি চালান বহনের তথ্য পেয়ে ডিবির সদস্যরা কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় সাদা রঙের প্রাডো গাড়িটিকে অনুসরণ করেন। পরে গাড়িটি কুমিল্লা কোতোয়ালী থানাধীন জাগুরঝুলি এলাকার কৃষ্ণনগর এলাকায় পৌঁছালে সেটিকে আটক করা হয়।

গাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গণনা শেষে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ দাঁড়ায় ৩ লাখ পিস। পুলিশের হিসাবে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।
অভিযানের সময় গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাতে চট্টগ্রামে অবস্থান করার পর সোমবার সকালে পুনরায় ঢাকার পথে যাত্রা করে।
জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই চালানের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও মাদক পরিবহনের নেপথ্যে থাকা চক্রের বিষয়ে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের চোরাচালান, পরিবহন, সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।