আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল
করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের প্রাদেশিক সদর দপ্তরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ভারতের সম্পৃক্ততার অভিযোগ আনলেও, সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে পাকিস্তানকে নিজ দেশের সন্ত্রাসী অবকাঠামোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
গত সপ্তাহে করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের সদর দপ্তরে হামলার দায় স্বীকার করে আফগানিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জামাত-উল-আহরার, যাদের তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে সম্পৃক্ত বলে মনে করা হয়। হামলায় পাকিস্তানের তিন নিরাপত্তা সদস্য এবং তিন হামলাকারী নিহত হন।
এরপর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি দাবি করেন, হামলায় একটি ‘ভারতীয় প্রক্সি’ জড়িত ছিল। তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানি গণমাধ্যমে ভারতের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, অন্যের বিরুদ্ধে অভিযোগ তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ব্যবস্থা নেওয়া এবং রাষ্ট্রীয় নীতিতে সন্ত্রাসবাদের ব্যবহার থেকে সরে আসা।
এদিকে পাকিস্তান জানিয়েছে, করাচি হামলার জবাবে পূর্ব আফগানিস্তানে রাতভর বিমান ও স্থল অভিযান চালানো হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে পরিচালিত অভিযানে ২৫ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। অভিযানে জামাত-উল-আহরারকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও জানান তিনি।
জামাত-উল-আহরারের দাবি, করাচি হামলায় মোট নয়জন হামলাকারী অংশ নেয়। তাদের একজন বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে রেঞ্জার্স সদর দপ্তরে আঘাত হানার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘ সময় গোলাগুলি চলে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, অভিযানে তিন হামলাকারী নিহত এবং এক আফগান নাগরিককে জীবিত আটক করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা বেড়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানে অবস্থানরত টিটিপি সদস্যরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগান তালেবান সরকার এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। সীমান্ত উত্তেজনার জেরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগও উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে।
করাচি হামলায় ভারতের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: দ্য হিন্দু