আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল


জাপানের সর্বোচ্চ পর্বত ফুজিতে সাত বছর বয়সী ছেলেকে একা রেখে বড় ছেলেকে নিয়ে চূড়ার দিকে যাত্রা চালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশি তিরস্কারের মুখে পড়েছেন এক বাবা।


৪৮ বছর বয়সী ওই ব্যক্তি ছেলের ক্লান্তির অভিযোগের পর তাকে একটি বেঞ্চে বসিয়ে অপেক্ষা করতে বলেন। এরপর বড় ছেলেকে সঙ্গে নিয়ে তিনি পর্বত আরোহণ অব্যাহত রাখেন।


কুয়াশাচ্ছন্ন ও বৃষ্টির মধ্যে প্রায় দুই হাজার মিটার উচ্চতায় ফুজি পর্বতের একটি হাইকিং রুটের ষষ্ঠ স্টেশনের কাছে শিশুটিকে একা দেখতে পান একটি মাউন্টেন হাটের কর্মীরা। তার কাছে ছিল শুধু একটি কোমল পানীয় ও কিছু খাবার।


বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শিশুটিকে দেখতে পাওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে শিশুটির বাবাকে সপ্তম ও অষ্টম স্টেশনের মাঝামাঝি এলাকায় খুঁজে পাওয়া যায়। ওই স্থান থেকে শিশুটির অবস্থানে ফিরতে প্রায় তিন ঘণ্টার পথ বলে জানা গেছে।


প্রায় আট ঘণ্টা অপেক্ষার পর বাবা-ছেলের পুনর্মিলন ঘটে। পুলিশ এ ঘটনায় বাবাকে কঠোরভাবে তিরস্কার করে জানায়, পর্বতারোহণ ছেড়ে দিতে হলেও কোনো শিশুকে এভাবে একা ফেলে যাওয়া গ্রহণযোগ্য নয়।


পরে ওই ব্যক্তি নিজের সিদ্ধান্তকে ‘হঠকারী’ উল্লেখ করে ক্ষমা চান বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।


পরিবারটি ফুজিনোমিয়া রুট দিয়ে ফুজি পর্বতে উঠছিল বলে জানা গেছে। জাপানের রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ৩ হাজার ৭৭৬ মিটার উঁচু সক্রিয় আগ্নেয়গিরি ফুজিতে প্রতি বছর প্রায় দুই লাখ মানুষ পর্বতারোহণ করেন।


সাম্প্রতিক বছরগুলোতে এই পর্বতে বেশ কয়েকটি দুর্ঘটনা ও উদ্ধার অভিযানের ঘটনাও ঘটেছে।