স্পোর্টস ডেস্ক | ক্রাইম ক্রনিকল
২০২৬ ফিফা বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে কার্লো আনচেলত্তির দলকে জয় এনে দেন ব্রুনো গিমারেস ও এন্দ্রিক।
ম্যাচের শুরু থেকেই বলের দখল নিয়ে আধিপত্য বিস্তার করে ব্রাজিল। সপ্তম মিনিটে প্রতিপক্ষের বক্সের সামনে বল কেড়ে নিয়ে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন ব্রুনো গিমারেস।
তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি সেলেসাওরা। দশম মিনিটে মারকিনিয়োসের ভুল পাস থেকে সুযোগ কাজে লাগিয়ে সমতাসূচক গোল করেন মিসরের জিকো। এরপর ভিনিসিয়ুস জুনিয়র ও ইগর থিয়াগোর কয়েকটি আক্রমণ বিপজ্জনক হলেও গোলের দেখা পায়নি ব্রাজিল। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আর তাতেই বদলে যায় ম্যাচের চিত্র। বিরতির পর মাঠে নামা তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক ৫১তম মিনিটে রাফিনিয়ার পাস থেকে দুর্দান্ত ফিনিশে জয়সূচক গোলটি করেন।
এই গোলটি ছিল ২০২৪ সালের মার্চের পর ব্রাজিলের জার্সিতে এন্দ্রিকের প্রথম গোল। দীর্ঘ সময় অফ-ফর্মে থাকার পর বিশ্বকাপের ঠিক আগে গোল পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেন ১৯ বছর বয়সী এই তারকা।

তবে জয়ের মাঝেও দুশ্চিন্তা রয়েছে ব্রাজিল শিবিরে। ম্যাচের মাত্র ১৫ মিনিট খেলেই কুঁচকির চোট নিয়ে মাঠ ছাড়তে হয় ডানপ্রান্তের ডিফেন্ডার ওয়েসলিকে। প্রথমবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া এই ফুটবলারকে নিয়ে এখন শঙ্কা তৈরি হয়েছে। চোট পাওয়ার পর ডাগআউটে বসে কান্নায় ভেঙে পড়েন তিনি।
ম্যাচ শেষে আনচেলত্তি জানান, ওয়েসলির বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপরই তার বিশ্বকাপ খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারিয়েছিল ব্রাজিল। দুটি জয় নিয়ে বিশ্বকাপের মূল মঞ্চে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।