নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল
জাতীয় সংসদে বাংলা ও ইংরেজি মিশিয়ে দেওয়া বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খান। তিনি বলেছেন, ‘কাঁচা রাস্তা’ শব্দটি তিনি সচেতনভাবেই ব্যবহার করেছেন, কারণ ‘ডার্ট রোড’ বা ‘আনপেইভড রোড’ বললে সাধারণ মানুষ বিষয়টি সহজে বুঝতেন না।
বৃহস্পতিবার (১৮ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক জেবা আমিন খান এ কথা বলেন।
সংসদে দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি কী বোঝাব বলেন। আমাদের দেশের রাস্তাগুলোর যে অবস্থা, আমি তো ‘কাঁচা রাস্তা’ সঠিক বাংলা বলেছি। এখন আমি কী বলবো? ডার্ট রোড? অর আনপেইভড রোড? আপনারা কোনটা বললে বুঝবেন? এজন্যই আমি ‘কাঁচা রাস্তা’ বলেছি।”
জেবা আমিন আরও বলেন, রংপুর-৬ আসনের সংসদ সদস্যও তার বক্তব্যে ‘কাঁচা রাস্তা’ শব্দটি ব্যবহার করেছিলেন। তিনি ওই এলাকার সড়ক উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরতেই একই শব্দ ব্যবহার করেছেন।
এর আগে মঙ্গলবার (১৬ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জেবা আমিন খান বাংলা ও ইংরেজি মিশিয়ে বক্তব্য দেন। সড়কের বেহাল অবস্থা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “সিক্সটিন হানড্রেড মাইল অব কাঁচা রাস্তা। দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন। দিস ইজ ডিউ টু দুর্নীতি, দ্যাট ইউ হ্যাভ সিন ফ্রম দ্য প্রিভিয়াস রিজিম।”
প্রায় ১১ মিনিটের বক্তব্যে তিনি একাধিকবার বাংলা ও ইংরেজি ভাষা একসঙ্গে ব্যবহার করেন। এ সময় তিনি আগের সরকারের সমালোচনা করে বলেন, বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে পর্যাপ্ত কাজ হয়নি। ফলে দেশের বিভিন্ন এলাকায় এখনও কাঁচা রাস্তা ও অবকাঠামোগত সমস্যা রয়ে গেছে।
তিনি বর্তমান সরকারকে কাজের জন্য আরও সময় দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে উত্তরাঞ্চলকে কৃষি হাব হিসেবে গড়ে তোলার সরকারি উদ্যোগের কথাও উল্লেখ করেন।
সংসদে দেওয়া তার বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ভাষার ব্যবহার নিয়ে সমালোচনা করেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে হাস্যরসাত্মক মন্তব্যও করেন।
তবে সমালোচনার জবাবে জেবা আমিন খান বলছেন, সাধারণ মানুষের কাছে বক্তব্যকে সহজবোধ্য করতেই তিনি ‘কাঁচা রাস্তা’ শব্দটি ব্যবহার করেছেন।