ক্যাম্পাস প্রতিনিধি | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। তবে নতুন অর্থবছরের নিজস্ব রাজস্ব বাজেটে গবেষণা ও উদ্ভাবন খাতে কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি।
শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে এ বাজেট অনুমোদন করা হয়। অধিবেশনে বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম আবদুর রব।
অনুমোদিত বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বাবদ। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২০১ কোটি ৪৩ লাখ টাকা, যা মোট বাজেটের ৫৭ দশমিক ৭৭ শতাংশ।
এরপর দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে সাধারণ সরবরাহ ও সেবা খাতে। প্রশাসনিক ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য নির্ধারণ করা হয়েছে ৭৮ কোটি ৩ লাখ টাকা, যা মোট বাজেটের ২২ দশমিক ৩৮ শতাংশ।
পেনশন ও অবসর-সুবিধা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৭ কোটি ১৪ লাখ টাকা, যা মোট বাজেটের ১০ দশমিক ৬৫ শতাংশ। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৪৪ কোটি ২৪ লাখ টাকা।
তবে বাজেটের সবচেয়ে আলোচিত বিষয় হলো গবেষণা ও উদ্ভাবন খাতে কোনো বরাদ্দ না থাকা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রাজস্ব বাজেটে এ খাতের বরাদ্দ শূন্য দেখানো হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে পাওয়া যাবে।
এ ছাড়া যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ে ১১ কোটি ৩৭ লাখ টাকা, অবকাঠামো মেরামত ও রক্ষণাবেক্ষণে ৯ কোটি ৪৭ লাখ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ২ কোটি ৮২ লাখ টাকা, যানবাহন ক্রয়ে ২ কোটি ৪৪ লাখ টাকা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তায় ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের বড় অংশ পরিচালন ব্যয়ে বরাদ্দ হলেও গবেষণা খাতে নিজস্ব বরাদ্দ না থাকা নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণা সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।