স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল
ফরিদপুরের বোয়ালমারীতে পরকীয়া সম্পর্কের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাঁকে মৌখিকভাবে এই অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী পৌরসভা জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান।

ইনামুল মোল্লা | সংগৃহীত ছবি
অব্যাহতি পাওয়া নেতার নাম ইনামুল মোল্লা। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির এবং স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের অভ্যর্থনা বিভাগে কর্মরত।
যে অভিযোগে ব্যবস্থা
স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের এক নারীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অভিযোগ ওঠে। ওই নারীর স্বামী প্রবাসে থাকেন।
সম্প্রতি বিষয়টি দুই পরিবারসহ বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা তৈরি হয়।
সংশ্লিষ্ট হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম জানিয়েছেন, দুদিন আগে ওই নারীর স্বামী প্রবাস থেকে ফোন করে তাঁকে বিষয়টি জানান।
দলের অবস্থান
পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে মৌখিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানান। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে ওই নেতার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
তথ্যসূত্র: বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামী