আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল


দক্ষিণ আফ্রিকার সাবেক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন জোলানি ‘লাস্ট বর্ন’ টেতে গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার দেশটির ইস্টার্ন কেপ প্রদেশে নিজের বাড়ির বাইরে তাকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ ও দেশটির ক্রীড়ামন্ত্রী।


৩৮ বছর বয়সী টেতে মডান্টসানে টাউনশিপে নিজের বাসভবনে পৌঁছানোর সময় একটি গাড়ি থেকে বালাক্লাভা পরা দুই অস্ত্রধারী ব্যক্তি নেমে তার ওপর গুলি চালায়।


ঘটনার সময় টেতের সঙ্গে থাকা ২৭ বছর বয়সী এক নারীও গুলিবিদ্ধ হন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার কারণ এখনও জানা যায়নি এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



ছবি: রয়টার্স


দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তবে কে বা কী কারণে টেতেকে হত্যা করেছে, সে বিষয়ে কোনো অনুমান করতে চান না বলে জানিয়েছেন তিনি।


টেতের হত্যাকাণ্ড দক্ষিণ আফ্রিকার সহিংস অপরাধ পরিস্থিতিকে আবারও আলোচনায় এনেছে। সাম্প্রতিক বছরগুলোতে হত্যাকাণ্ডের সংখ্যা কিছুটা কমলেও দেশটিতে এখনও বিশ্বের অন্যতম উচ্চ হত্যার হার রয়েছে।


২০১৪ সালে জাপানের কোবেতে তেইরু কিনোশিতাকে হারিয়ে আইবিএফ জুনিয়র-ব্যান্টামওয়েট বিশ্ব শিরোপা জেতেন টেতে। পরে তিনি ডব্লিউবিও ব্যান্টামওয়েট চ্যাম্পিয়নও হন।


আন্তর্জাতিক বক্সিং অঙ্গনে টেতে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন ২০১৭ সালের নভেম্বরে বেলফাস্টে স্বদেশি সিবোনিসো গোনিয়াকে মাত্র ১১ সেকেন্ডে নকআউট করার ঘটনায়। বিশ্ব শিরোপার লড়াইয়ে এটি ছিল সবচেয়ে দ্রুত সমাপ্ত হওয়া ম্যাচগুলোর একটি।