নিজস্ব প্রতিবেদক | ক্রাইম ক্রনিকল


টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ গারো সম্প্রদায়ের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), গাব্রিয়াল (৪০) এবং রতন নকরেক (২৭)।


স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল হাদিমার একটি ছাগলছানা পরিত্যক্ত কূপে পড়ে যায়। সেটিকে উদ্ধার করতে প্রথমে কূপে নামে তার ছেলে নেইমার ম্রং। দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে ছেলেকে উদ্ধার করতে কূপে নামেন বাবুল হাদিমা। পরে একে একে গাব্রিয়াল ও রতন নকরেকও কূপে প্রবেশ করেন।


কিন্তু তাদের কেউই আর ওপরে ফিরে না আসায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়।


খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটিতে অক্সিজেনের ঘাটতি থাকায় ভেতরে নামার পর তারা অচেতন হয়ে পড়েন।


পরে ফায়ার সার্ভিসের সদস্যরা একে একে চারজনের মরদেহ উদ্ধার করেন।


মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।