আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল 


যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে আরোহী আটজনই নিহত হয়েছেন।


স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে অঙ্গরাজ্যটির পশ্চিমাঞ্চলের কেপ নিউএনহ্যাম লং রেঞ্জ রাডার সাইট বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটে। জায়গাটি অ্যাঙ্কারেজ থেকে প্রায় ৪৫০ মাইল বা ৭২৫ কিলোমিটার পশ্চিমে।


মার্কিন সামরিক বাহিনীর আলাস্কান কমান্ড নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।


যাঁরা ছিলেন বিমানে

জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) আলাস্কা আঞ্চলিক প্রধান ক্লিন্ট জনসন জানিয়েছেন, বিমানটিতে দুজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন।


অ্যাঙ্কারেজভিত্তিক প্রতিষ্ঠান সিকিউরিটি এভিয়েশন পরিচালিত সেসনা ৪৪১ মডেলের বিমানটি অ্যাঙ্কারেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। গন্তব্যের কাছাকাছি পৌঁছে অবতরণের প্রস্তুতির সময়ই এটি বিধ্বস্ত হয়।


ফ্লাইটটি ভাড়া করেছিল মার্কিন সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ, ইউএস আর্মি কর্পস অব ইঞ্জিনিয়ার্স (ইউএসএসিই)।


সংস্থাটির আলাস্কা জেলা এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের দুজন কর্মী রয়েছেন। স্বজনদের বিষয়টি অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।


উদ্ধার অভিযান

‘বিমান দুর্ঘটনা’-সংক্রান্ত খবর পাওয়ার পর আলাস্কা রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে।


পরে দুর্ঘটনাস্থল শনাক্ত করা হয় এবং উদ্ধারকর্মীরা নিশ্চিত করেন যে কেউ বেঁচে নেই।


আলাস্কান কমান্ড, আলাস্কান নোরাড অঞ্চল ও একাদশ বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস এক বিবৃতিতে ঘটনাটিকে তাঁদের সামরিক পরিবার ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য বিধ্বংসী ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন।


যে ধরনের জায়গায় দুর্ঘটনা

কেপ নিউএনহ্যাম রাডার কেন্দ্রটি পরিচালনা করে প্যাসিফিক এয়ার ফোর্সেস রিজিওনাল সাপোর্ট সেন্টার।


আলাস্কার আকাশসীমা ও সীমান্ত এলাকায় বিমান চলাচল পর্যবেক্ষণের জন্য গড়ে তোলা প্রত্যন্ত রাডার কেন্দ্রগুলোর নেটওয়ার্কের অংশ এটি।


কেবল সামরিক ও অনুমোদিত চার্টার ফ্লাইটই সেখানে অবতরণ করতে পারে। বিমানবন্দরটির নুড়িপাথরের রানওয়ে প্রায় চার হাজার ফুট লম্বা এবং এটি দুই হাজার ৩০০ ফুটের বেশি উঁচু একটি পাহাড়ের ঢালে অবস্থিত।


নিহতরা সেখানে ঠিক কী ধরনের কাজে যাচ্ছিলেন, সে বিষয়ে আলাস্কান কমান্ডের বিবৃতিতে কিছু জানানো হয়নি।


তদন্ত শুরু

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও এনটিএসবি যৌথভাবে তদন্ত করবে, যেখানে নেতৃত্ব দেবে এনটিএসবি।


নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।


সিকিউরিটি এভিয়েশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া ও কঠিন বিমানবন্দর পরিবেশে চলাচলের জন্য তাদের সেসনা কনকোয়েস্ট বহর উপযোগী। যমজ ইঞ্জিনের এই টার্বোপ্রপ বিমানগুলোতে সর্বোচ্চ নয়জন যাত্রী বহন করা যায়।


তথ্যসূত্র: আলাস্কান কমান্ড, এনটিএসবি, এফএএ, ইউএস আর্মি কর্পস অব ইঞ্জিনিয়ার্স, এপি, সিএনএন