কুষ্টিয়া প্রতিনিধি | ক্রাইম ক্রনিকল
কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে বহনকারী গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
হামলায় গাড়িটির এক পাশের জানালার কাচ ভেঙে যায়। তবে এমপি আমির হামজা অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

হামলায় ক্ষতিগ্রস্থ আমির হামজার গাড়ি
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আমির হামজার সাম্প্রতিক একটি বক্তব্যের প্রতিবাদে ছয় রাস্তার মোড়ে সমাবেশের আয়োজন করেছিল গণঅধিকার পরিষদ।
সমাবেশ শেষ হওয়ার দিকে গাড়িবহর নিয়ে নিজ বাড়ির দিকে যাওয়ার পথে সভাস্থল অতিক্রম করেন তিনি। তখনই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়সহ একাধিক স্থানে ভাঙচুরের অভিযোগও উঠেছে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনজন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ইকবাল হাসান।
গণঅধিকার পরিষদের কুষ্টিয়া শাখার সাংগঠনিক সম্পাদক তৌকিরের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। দলের সেক্রেটারির কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে তিনি জানান।
ঘটনার পর এমপির বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তথ্যসূত্র: পুলিশ ও প্রত্যক্ষদর্শী