নিজস্ব প্রতিবেদক | ঢাকা


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।


সোমবার (২২ জুন) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নগরজুড়ে ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হবে। একই সঙ্গে ঢাকার সব প্রবেশপথে তল্লাশি ও নজরদারি জোরদার করা হবে।


ডিএমপি জানিয়েছে, নিয়মিত পুলিশের পাশাপাশি গোয়েন্দা শাখা (ডিবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট মাঠে সক্রিয় থাকবে। এছাড়া সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশনের (আইএডি) সদস্যরা গোয়েন্দা তৎপরতা পরিচালনা করবেন।


জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন স্থানে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ঢাকার চারটি প্রধান কন্ট্রোলরুমে অতিরিক্ত পুলিশ সদস্য রিজার্ভ রাখা হবে, যাতে প্রয়োজন হলে দ্রুত মোতায়েন করা যায়।


ডিএমপির ভাষ্য, পুরো নিরাপত্তা কার্যক্রম তদারকিতে ডিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত থাকবেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল বজায় রাখতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।