আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই একটি বি-৫২ কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের দুই কর্মীও রয়েছেন।
সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকা বিমানটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল।
এডওয়ার্ডস বিমানঘাঁটির কর্মকর্তা কর্নেল জেমস হেইস ঘটনাটিকে এক ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করে বলেন, নিহতরা সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল ছিলেন।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে এতে আরোহীদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না। নিহতদের স্বজনদের অবহিত করার প্রক্রিয়া চলছে এবং পরবর্তীতে তাদের পরিচয় প্রকাশ করা হবে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বিমানটি উড্ডয়নের পরপরই রানওয়েতে বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। দুর্ঘটনাস্থল সম্পূর্ণভাবে বিমানঘাঁটির অভ্যন্তরে সীমাবদ্ধ ছিল এবং ঘটনার পর সাময়িকভাবে ঘাঁটির উড়োজাহাজ পরিচালনা কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচির সহায়ক মিশনে অংশ নিচ্ছিল। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তদন্ত শেষ হতে প্রায় এক মাস সময় লাগতে পারে, আর বিস্তারিত কারিগরি বিশ্লেষণ কয়েক মাস পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আলাদা এক বিবৃতিতে বোয়িং নিশ্চিত করেছে যে তাদের দুই কর্মী দুর্ঘটনাকবলিত বিমানে ছিলেন। প্রতিষ্ঠানটি নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছে।
দীর্ঘপাল্লার বি-৫২ বোমারু বিমানটি গত শতকের পঞ্চাশের দশক থেকে মার্কিন সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে। এটি বিপুল পরিমাণ প্রচলিত ও কৌশলগত অস্ত্র বহনে সক্ষম এবং দীর্ঘ দূরত্বে অভিযান পরিচালনার জন্য পরিচিত।
দুর্ঘটনার পর ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া মার্কিন কংগ্রেস সদস্য ভিন্স ফং, জে ওবারনোল্টে এবং লিসা ম্যাকক্লেইনও নিহতদের পরিবার, উদ্ধারকর্মী ও সংশ্লিষ্টদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।