স্টাফ রিপোর্টার | ক্রাইম ক্রনিকল


ঢাকা: স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সময়ে মন্ত্রিত্বের চার-পাঁচ মাসের অভিজ্ঞতায় তিনি প্রশাসনিক সংস্কারের দৃশ্যমান পরিবর্তন দেখতে পাননি। তাঁর ভাষায়, আগে যারা ঘুষ গ্রহণ করত, তারা এখনও একইভাবে ঘুষ নেওয়ার নানা কৌশল খুঁজছে এবং জনস্বার্থে ভালো উদ্যোগও আগের মতোই বাধাগ্রস্ত হচ্ছে।


বৃহস্পতিবার রাজধানীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, “আমার এই চার-পাঁচ মাসের মন্ত্রীত্বের অভিজ্ঞতা বলা দরকার, আমি দেখছি, কিছুই বদলায় নাই। যারা ঘুষ খেত, তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছে। একইভাবে যারা ভালো একটা কাজকে আটকে দিত, তারা আটকে দিচ্ছে।”


প্রশাসনিক সংস্কারের ধীরগতিতে হতাশা প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় এবার তিনি বাস্তব পরিবর্তন দেখতে চেয়েছিলেন। তবে এখন পর্যন্ত সেই পরিবর্তন প্রত্যাশিত মাত্রায় বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেন তিনি।


তবে আশার কথাও তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে তিনি পরিবর্তনের প্রচেষ্টা ও নতুন নেতৃত্বের দৃষ্টান্ত দেখতে পাচ্ছেন। তাঁর মতে, সেই উদ্যোগকে সবাই সম্মিলিতভাবে এগিয়ে নিতে পারলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হতে পারে।


তিনি আরও বলেন, কেবল সরকার বা প্রশাসনের পরিবর্তন নয়, ব্যক্তি ও সমাজের মন-মানসিকতার পরিবর্তনও জরুরি। সবার সম্মিলিত মানসিক পরিবর্তনের মাধ্যমেই জুলাই আন্দোলনের লক্ষ্য ও প্রত্যাশা বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।