নিজস্ব প্রতিবেদক, সিলেট 



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং ও কারচুপি হয়েছে, তা ঠেকানো সম্ভব হয়নি। তবে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের কারচুপি, লাঠিয়াল বাহিনী অথবা সন্ত্রাসীদের জায়গা করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের কানাইঘাট বাজারে এনসিপির কানাইঘাট উপজেলা শাখার আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি সাধারণ মানুষকে আগামী স্থানীয় সরকার নির্বাচনে শাপলা প্রতীক ও এনসিপির পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।


পথসভায় নাহিদ ইসলাম বলেন, মানুষ কষ্টে আছে। গ্যাস, সবজি ও বিদ্যুতের দাম বেড়েছে। দুই দিন আগে টিসিবির লাইনে দাঁড়িয়ে এক বৃদ্ধা মারা গেছেন। কিন্তু বিরোধী দল হিসেবে তারা এগুলোর সমালোচনা করতে পারেন না। তিনি অভিযোগ করেন, তারা সমালোচনা করলেই তাদের চোখ উপড়ে ফেলা হচ্ছে এবং বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে দেওয়া হচ্ছে—যা তারেক রহমানের ‘আই হ্যাভ আ প্ল্যান’-এরই নমুনা।


তিনি আরও বলেন, দেশে নব্য ফ্যাসিবাদ তৈরি হলে তা রুখে দেওয়া হবে। বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, পাট ও ধানখেতে যেসব সৈনিক এত বছর লুকিয়ে ছিল, কিংবা যেসব সৈনিক জেলের ভেতরে ছিল, লন্ডন বা শিলংয়ে ছিল—জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসেছে এবং আবার জনগণের ওপর জুলুম শুরু করেছে। এতে প্রমাণিত হয় যে বিএনপি গত ১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেনি।


নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে জানান, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা করেন, কিন্তু তাদের নাম ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি বা জমি দখল মেনে নেওয়া হবে না। তিনি বলেন, অতীতে বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে ব্যবসা হয়েছে, এখন জিয়ার নামেও ব্যবসা হতে দেওয়া হবে না।


পথসভা সঞ্চালনা করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।


নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা পালন করেনি। তিনি প্রধানমন্ত্রীকে সন্ত্রাস দমন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান, অন্যথায় সরকার থেকে পদত্যাগের দাবি জানান।