আন্তর্জাতিক ডেস্ক | ক্রাইম ক্রনিকল
নবনিযুক্ত মুখপাত্রদের নিয়ে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছে ভারতের বহুল আলোচিত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। বুধবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মুখপাত্র সৌরভ দাস।
তিনি জানান, সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আগামী ৬ জুন সকাল ৮টায় দিল্লি বিমানবন্দরে পৌঁছাবেন। এ উপলক্ষে সমর্থকদের বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে অভ্যর্থনা জানানোর আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে দিল্লিতে আন্দোলনের আনুষ্ঠানিক সূচনারও ঘোষণা দেওয়া হয়েছে।
সৌরভ দাস বলেন, “সোনম ওয়াংচুকসহ আমরা সবাই পার্লামেন্ট স্ট্রিট থানায় যাব এবং জন্তরমন্তরে অবস্থান কর্মসূচি পালনের অনুমতি চাইব।” সংবাদ সম্মেলনে পরিবেশকর্মী সোনম ওয়াংচুকও উপস্থিত ছিলেন। তিনি আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন বলে আয়োজকরা জানান। এর আগে বুধবার ককরোচ জনতা পার্টির তিনজন মুখপাত্রের নাম ঘোষণা করা হয়। তারা হলেন সাংবাদিক সৌরভ দাস, রাজনৈতিক গবেষক ও চলচ্চিত্র নির্মাতা বিজেতা দাহিয়া এবং সাবেক ব্যবস্থাপনা পরামর্শক আশুতোষ রাঙ্কা।
সংগঠনটির প্রধান দাবি হলো ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এ দাবিতে নয়াদিল্লির জন্তরমন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পরিকল্পনা রয়েছে তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে এটি সংগঠিত রাজনৈতিক-সামাজিক আন্দোলনের রূপ নিচ্ছে বলে দাবি করছেন উদ্যোক্তারা।
উল্লেখ্য, গত মাসে ভারতের প্রধান বিচারপতি একটি মামলার শুনানির সময় বেকার ও অনলাইনে সক্রিয় যুবকদের প্রসঙ্গে ‘ককরোচ’ বা তেলাপোকার সঙ্গে তুলনামূলক একটি মন্তব্য করেছিলেন বলে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম হয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই ‘ককরোচ জনতা পার্টি’র আত্মপ্রকাশ ঘটে।