রাজনীতি ডেস্ক | ক্রাইম ক্রনিকল
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওকে এআই দিয়ে তৈরি বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। এটিকে রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ হিসেবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর মাথার ছবি অন্য একজনের শরীরে বসিয়ে এআই প্রযুক্তির মাধ্যমে একটি ভুয়া ও বিকৃত ভিডিও তৈরি করে প্রচার করা হচ্ছে।
এ ঘটনায় ইতিমধ্যে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। ডিজিটাল আলামত সংরক্ষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ ও জড়িতদের শনাক্তের কাজ চলছে বলেও উল্লেখ করেন।
সরকারের একটি বিশেষায়িত সংস্থা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করছে বলে দাবি করেন এই সংসদ সদস্য।
একই সঙ্গে যাচাই ছাড়া কোনো ভুয়া বা বিভ্রান্তিকর এআই-নির্মিত ভিডিও, ছবি বা তথ্য শেয়ার না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এ ধরনের কনটেন্ট প্রচার বা পুনঃপ্রচারও প্রচলিত তথ্যপ্রযুক্তি আইনে দণ্ডনীয় অপরাধ বলে সতর্ক করেন তিনি।