জাতীয় ডেস্ক | ক্রাইম ক্রনিকল
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে প্রাথমিক পর্যায়ের ক্রীড়া কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এর অংশ হিসেবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাধ্যতামূলক ক্রীড়াশিক্ষায় মার্শাল আর্ট যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিজয় সরণির র্যাংগস ভবনে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রীর ভাষ্য, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে ধৈর্য্য, শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতেও সহায়ক। নিজের ওপর আস্থা তৈরি হলে শিক্ষার্থীরা সহিংসতা এড়িয়ে চলতে শেখে বলে তিনি মন্তব্য করেন।
তরুণ প্রজন্মকে সুস্থ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও মার্শাল আর্টের প্রসারকে অপরিহার্য উল্লেখ করেন তিনি। সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ সম্প্রসারণে বাস্তবসম্মত পরিকল্পনা নিতে কারাতে সংগঠনগুলোর প্রতি আহ্বানও জানান।
এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
বক্তব্যে নিজের কারাতে চর্চার স্মৃতিচারণ করে তিনি জানান, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতে প্রশিক্ষণের মধ্য দিয়ে তাঁর পথচলা শুরু হয়। সে সময়ের কঠোর অনুশীলন ও ব্রেকিং প্রদর্শনীর স্মৃতি এখনো তাঁকে অনুপ্রাণিত করে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে ব্ল্যাক বেল্ট অর্জনকারী কারাতেকাদের হাতে সনদ ও ব্ল্যাক বেল্ট তুলে দেন তিনি এবং তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।